হোমপেজ লোড হচ্ছে…
প্রায় ৪০০ একর কৃষিজমি দখল করে ঝিল খননের অভিযোগ রয়েছে একটি চক্রের বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর সদর উপজেলার প্রায় ৪০০ একর কৃষিজমি অবৈধভাবে দখল করে ঝিল বানিয়ে মাটি কেটে বিক্রি করার অভিযোগে এক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ইব্রাহীমপুর ইউনিয়নের মুখদ্দি ও তালতাতলী এলাকায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে মাটি কাটার একটি ভেকু মেশিন জব্দ করা হয় এবং ঝিলে চাষ করা মাছ নদীতে অবমুক্ত করা হয়। সরকার এ এলাকার জমি ভূমিহীনদের মধ্যে নিয়ম মেনে বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন এ সংসদ সদস্য।
স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র ৪০ থেকে ৫০টি ঝিল তৈরি করে পৈতৃক সম্পত্তিসহ কৃষিজমি দখল করেছে। এসব জমির উপরিভাগের ঊর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করা হচ্ছে।
বাধা দিতে গেলে জমির মালিকদের ‘হুমকি’ ও ‘মারধরের’ শিকার হতে হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মো. নুরুল ইসলাম রাঢ়ীর অভিযোগ, এসব জমিতে তাদের পূর্বপুরুষেরা বিভিন্ন ধরনের ফসল চাষ করতেন। কিন্তু ক্ষমতার প্রভাব দেখিয়ে একটি চক্র জমি দখল করে মাটি কেটে বিক্রি করেছে।
ইদ্রিস আলী নামের আরেক ভুক্তভোগীর অভিযোগ, মুখদ্দি এলাকায় তার পৈতৃক ২২ একর জমি রয়েছে। সেখানে মাটি কাটায় বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা বলেন, “প্রায় ৪০০ একর জমিতে একটি চক্র ঝিল খনন করে আসছিল। এর আগে প্রায় ৪০ বার অভিযান চালিয়ে ভেকু নষ্ট করা হলেও তারা কার্যক্রম বন্ধ করেনি।”
তিনি বলেন, “দুর্গম এলাকা ও নদীর উত্তাল পরিস্থিতির কারণে অভিযান পরিচালনা কঠিন হয়ে পড়ে। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি মামলা হয়েছে। মামলাগুলোতে প্রায় ৪৮ জনকে আসামি করা হয়েছে। তাদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।”
অভিযান চলাকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক সাংবাদিকদের বলেন, “একটি চক্র আবাদি ও সরকারি খাসজমিতে অবৈধ কার্যক্রম চালাচ্ছে। প্রশাসনের অভিযান শেষে তারা আবারও একই কাজে ফিরে আসে। এভাবে চলতে থাকলে কৃষিজমি কমে যাবে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”
তিনি বলেন, “সরকারি বিধিবিধান মেনে এলাকার ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, পরিকল্পিতভাবে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভাবনাও রয়েছে।”
অভিযানে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেম, জেলা-উপজেলা বিএনপি এবং যুবদলের নেতাসহ প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।