হোমপেজ লোড হচ্ছে…

ধর্মীয় প্রতীক, পোশাক বা পরিচয়ের কারণে হামলা, অপমান, জোরপূর্বক চুল-দাড়ি কাটা এবং মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করার দাবি তুলেছে সৌহার্দ্যের বাংলাদেশ।
একইসঙ্গে ধর্মীয় পরিচয়, বিশ্বাস ও অবিশ্বাসের কারণে হত্যা, নির্যাতন, হামলা ও সামাজিক নিপীড়নের নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিতের কথাও বলেছে সংগঠনটি।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বুধবার ‘ধর্মের নামে উগ্রবাদ প্রতিরোধে কর্মসূচি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এতে ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, নারী, শিশু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি তোলা হয়েছে।
‘সুফি-সুন্নি, সনাতনী বৌদ্ধ খ্রিষ্টান, সাম্যবাদী, বাউল, আদিবাসী সংস্কৃতিমনা মানুষের সম্মিলনে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’ নামে প্লাটফর্মটি গড়ে উঠেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের ১০ দফা দাবি তুলে ধরেন সুরেশ্বর দরবার শরিফের পীর হাসান নুরী সুরেশ্বরী দিপু।
বক্তব্যে বলা হয়, উপাসনালয়, মাজার, মন্দির, দরবার, সাংস্কৃতিক প্রতিষ্ঠান, শিক্ষা ও আবাসিক এলাকায় হামলা বন্ধ করতে হবে। অতীতে হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, পরিবার, সম্প্রদায় ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় উদ্যোগে যথাযথ ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
মাদ্রাসাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন, যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান, ওরস, মেলা, পূজা ও সাংস্কৃতিক সমাবেশে নিরাপত্তার অজুহাতে অযৌক্তিক নিষেধাজ্ঞা আরোপ না করারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাউল-ফকির, সুফি, হিন্দু সাধু এবং বিভিন্ন লোকায়ত ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের অনুসারীদের শান্তিপূর্ণ চর্চার অধিকার রক্ষার কথা বলা হয়েছে লিখিত বক্তেব্যে। ধর্মীয় প্রতীক, পোশাক বা পরিচয়ের কারণে হামলা, অপমান, জোরপূর্বক চুল-দাড়ি কাটা এবং মানসিক নিপীড়নকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনার দাবি জানানো হয়েছে।
নারীর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, বাল্যবিবাহ ও কর্মক্ষেত্রে নির্যাতন বন্ধের পাশাপাশি নারী শ্রমিকদের নিরাপত্তা, শ্রম অধিকার এবং অভিযোগ প্রতিকারের কার্যকর ব্যবস্থা নিশ্চিতের কথা বলেছে ‘সৌহার্দ্যের বাংলাদেশ’।
এ ছাড়া ঐতিহাসিক সুফি মাজার ও খানকার ঐতিহ্য সংরক্ষণ, অর্পিত ও শত্রু সম্পত্তি-সংক্রান্ত আইনে ক্ষতিগ্রস্তদের সম্পত্তির অধিকার পুনর্মূল্যায়ন এবং সনাতনী সম্প্রদায়ের অধিকার আদায়ের আন্দোলনে গ্রেপ্তার ব্যক্তিদের মামলা পর্যালোচনা করে নিরপরাধীদের মুক্তিরও দাবি তুলেছে সংগঠনটি।
দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ২ থেকে ৫ নভেম্বর প্রত্যেক জেলা প্রশাসককে স্মারকলিপি দেওয়া হবে। এরপরেও সরকার কোন পদক্ষেপ না নিলে ১৩ নভেম্বর করা হবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সর্বশেষ ২০ নভেম্বর শহীদ মিনার থেকে ময়মনসিংহ পর্যন্ত লং মার্চ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী বলেন, “উগ্র সাম্প্রদায়িক শক্তি তৌহিদী জনতা। আমরা জানি তৌহিদী জনতা হল মওদুদী ও ওহাবীবাদীরা। তারা পরিচয় গোপন করে তৌহিদী জনতার নামে উন্মক্ত জনতা তৈরি করেছে।
“তারা সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে, ভালুকায় দিপু চন্দ্র দাসকে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। তরিকা ভিন্ন হওয়ার কারণে একজন পীরকে কবর থেকে তুলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। লালনের মেলায় টাইম বোমা রেখে মানুষ আতঙ্কিত করে মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এইভাবে একটি উগ্র সাম্প্রদায়িক শক্তি ক্ষমতা দখল করতে চায়। সেই জায়গায় প্রতিরোধ গড়ে তোলা দরকার।”
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বৌদ্ধ ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয় বলেন, “আমি একটি সৌহার্দের বাংলাদেশ চাই, শান্তির বাংলাদেশ চাই।”
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল রোজারিও, নূরে হক দরবার শরীফের আল্লামা হানিফ নুরী, বিশ্ব হিন্দু ফেডারেশনের সন্তোষ চন্দ্র দাস।
দুদকের এ মামলায় তার বিরুদ্ধে ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে।
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন স্বস্তি নিয়েই শেষ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা অবশ্য ভালো হয়নি। ৯ রানের মাথায় আউট হয়ে যান তানজিদ। সেই ধাক্কা সামলে ৭৪ ওভারে তিন উইকেটে ২১৩ রানে প্রথম দিন শেষ করে শান্তরা। আলোকস্বল্পতার কারণে পুরো ৯০ ওভার খেলা সম্ভব
গত বছরের ২৫ ফেব্রুয়ারি তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল।
দিবস উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।