হোমপেজ লোড হচ্ছে…
লালচানের শরীরের প্রায় ৯৫ শতাংশ, নাসিমার প্রায় ৮৫ শতাংশ এবং তানিশার প্রায় ৮৫-৮৬ শতাংশ দগ্ধ হয়।
নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের সন্তান আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, বুধবার সকালে চেরাগ আলী মার্কেট সংলগ্ন মুদাফা (মাস্টারবাড়ী রোড) এলাকায় ভাড়া বাড়িতে তিনজন দগ্ধ হন। গভীর রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ওই দম্পতির মৃত্যু হয়।
নিহতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া এলাকার মান্নাছ আলীর ছেলে লাল চাঁন মিয়া (৬০) এবং তার স্ত্রী নাসিমা (৫০)। তারা মুদাফা এলাকার মাস্টারবাড়ি সংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থেকে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
এ ঘটনায় দগ্ধ তাদের ১৬ বছরের মেয়ে তানিশা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
পুলিশ জানায়, বুধবার সকাল ৬টায় নাসিমা রান্না করতে যান। তখন চুলা জ্বালাতে গেলে আগুন ধরে যায়। সেই আগুনে তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন সুলতান মাহমুদ সিকদার বলেন, গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তিনজনকে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আনা হয়। তাদের মধ্যে লালচানের শরীরের প্রায় ৯৫ শতাংশ, নাসিমার প্রায় ৮৫ শতাংশ এবং তানিশার প্রায় ৮৫-৮৬ শতাংশ দগ্ধ হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, তানিশা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মরদেহ দুটি আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।