হোমপেজ লোড হচ্ছে…

রাজধানীর বেইলি রোডে অবস্থিত মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক প্রদর্শনীর জন্য সরকারি প্রণোদনা অবিলম্বে পুনর্বহালের দাবি তুলেছেন দেশের ১০১ জন সংস্কৃতিকর্মী।
থিয়েটার বিষয়ক পত্রিকা ‘ক্ষ্যাপা’ এর মাধ্যমে রোববার সংবাদমাধ্যমে বিবৃতিটি পাঠানো হয়।
বিবৃতিতে সংস্কৃতিকর্মীরা বলছেন, দেশের নাট্যচর্চার অন্যতম ঐতিহাসিক এই কেন্দ্রটিতে এক শিফটে নাটক প্রদর্শনীতে আগে ভাড়া দিতে হত ৫ হাজার টাকা। তবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ায় গত জানুয়ারি থেকে প্রতি শিফটের ভাড়া বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০০ টাকায়।
ভাড়া দ্বিগুণের বেশি বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছে নাট্যদলগুলো, ফলে মিলনায়তনটিতে নাটক প্রদর্শনীর আগ্রহও আশঙ্কাজনকভাবে কমছে।
ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিবৃতিতে বলা হয়, ১৯৭৩ সালে মহিলা সমিতির মঞ্চ থেকেই বাংলাদেশে প্রথম টিকিট কেটে নাটক দেখার সংস্কৃতির সূচনা হয়েছিল। স্বাধীন বাংলাদেশের নাট্য আন্দোলনে মহিলা সমিতি মঞ্চের অনন্য অবদান স্মরণ করে ২০০৫ সালের ২৬ অগাস্ট বেইলি রোডের এই সড়কটির নামকরণ করা হয় ‘নাটক সরণি’। কিন্তু বর্তমান ভাড়া বৃদ্ধির কারণে টিকিট বিক্রি করে প্রদর্শনীর ব্যয় তোলা সম্ভব হচ্ছে না নাট্যদলগুলোর পক্ষে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ২০১৭ সালের জুন থেকে এ খাতে বিশেষ বরাদ্দ দেওয়া শুরু করে। সর্বশেষ ২০২৪-২৫ অর্থবছরে ১১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়।
এরই মধ্যে ২০২৬-২৭ অর্থবছরে প্রতি মাসে ২০টি প্রদর্শনীর বিপরীতে ৬ হাজার ৫০০ টাকা হারে ১১ মাসের জন্য মোট ১৪ লাখ ৩০ হাজার টাকা প্রণোদনার আবেদন করা হয়েছে বলেও জানান সংস্কৃতিকর্মীরা।
বিবৃতিতে দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। প্রথম দাবি হল- মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটক মঞ্চায়নের জন্য চাওয়া ১৪ লাখ ৩০ হাজার টাকার সরকারি প্রণোদনা অবিলম্বে পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত নাট্যদলগুলোর আর্থিক চাপ কমাতে নাট্যচর্চার সামগ্রিক প্রণোদনার অর্থের পরিমাণ বৃদ্ধি ও নিয়মিত বরাদ্দ নিশ্চিত করতে হবে।
বিবৃতিদাতাদের মধ্যে রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, মামুনুর রশীদ, সৈয়দ জামিল আহমেদ, সারা যাকের, অধ্যাপক আব্দুস সেলিম, মাসুম রেজা, রতন সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আজাদ আবুল কালাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক শফি আহমেদের নাম রয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে নাট্যঐতিহ্য রক্ষায় এগিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বিবৃতিতে।
ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী গত বছরের ২৭ নভেম্বর এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলাটি করেন।
টাইগার শ্রফকে হামলার ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আগামী ২৬ ও ২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় নাটকটি প্রদর্শিত হবে।
নীতেশ তিওয়ারী পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রথম পর্ব মুক্তি পাচ্ছে আগামী ৫ নভেম্বর।