হোমপেজ লোড হচ্ছে…

আউট হওয়ার পর ক্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন মুমিনুল হক। তার চোখেমুখে হতাশা ফুটে উঠল স্পষ্টই। ড্রেসিং রুমে ফেরার পথেও সেই হতাশার অবয়ব ফুটে উঠল তার শরীরী ভাষায়। নিজেও হয়তো বুঝতে পারছিলেন, বড় এক ভুল তিনি করে ফেলেছেন।
ক্রিকেটে ব্যাটসম্যান ভুল শট অনেক সময়ই খেলেন এবং সেই ভুল বুঝতে পারাটাও খেলারই অংশ। সমস্যা হচ্ছে, এরকম ভুল এখন নিয়মিতই করছেন মুমিনুল। তার হতাশা দেখে তাই সহানুভূতির চেয়ে বিরক্তিই বেশি কাজ করার কথা অন্যদের মনে। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কণ্ঠে সেই বিরক্তির ছাপও যেন মিশে থাকল। অবশ্য আশাবাদও শোনালেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে তানজিদ হাসানকে দ্রুত হারানো ধাক্কা বাংলাদেশ সামাল দেয় সাদমান ইসলাম ও মুমিনুলের ব্যাটে। দুজনের জুটি যখন জমে উঠেছে, তখনই মুমিনুলের আত্মহত্যা। জোমেল ওয়ারিক্যান আক্রমণে আসার পর দ্বিতীয় বলেই ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে সহজ ক্যাচ দেন তিনি মিড অফে। তার ইনিংস থামে ২৮ রানে।
গত দুই বছরে সম্ভাবনাময় ইনিংসের এমন অপমৃত্যু দফায় দফায় হয়েছে তার। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি টেস্ট সেঞ্চুরি তার। কিন্তু সবশেষটি করেছেন সেই ২০২৪ সালের সেপ্টেম্বরে ভারত সফরে।
সেই সিরিজের পর থেকে এই পর্যন্ত সময়টায় বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ২৮ রান করেছেন তিনি। এই সময়ে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি ৯ বার, এর চারটিতে পেরিয়েছেন ৮০। কিন্তু তিন অঙ্কে নিতে পারেননি একটিকেও। এছাড়াও আরও ১০ ইনিংসে ২০ ছুঁয়ে একটিকেও নিতে পারেননি ফিফটিতে।
এই ইনিংসগুলোয় ভালো ডেলিভারির শিকার যেমন হয়েছেন নানা সময়ে, তেমনি অনেকবারই বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। ভালো খেলতে খেলতেই হুট করে আলগা শট খেলেছেন, উচ্চাভিলাষী হওয়ার খেসারত দিয়েছেন কখনও, কখনও হুট করে হারিয়েছেন মনোযোগ। এবার মিরপুরের এই ইনিংসেও দেখা গেল পুনরাবৃত্তি।
দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুলের এই আউটের ক্রিকেটীয় ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ সালাহ উদ্দীন।
“আমার মনে হয়, বলটা (শরীরের) খুব কাছে ছিল। আরেকটু দূরে থাকলে হয়তো (ফিল্ডারের) ওপর দিয়ে চলে যেত। তবে আমার মনে হয়, নিচ দিয়ে মারলে হয়তো বেটার হতো।”
তবে ক্রিকেটীয় ব্যাখ্যা তো সব আউটের ক্ষেত্রেই দেওয়া যায়। মানসিকতার ব্যাপারও তো এখানে আছে! মুমিনুলের বারবার এভাবে কাটা পড়ার ব্যাপারটি নজরে পড়েছে সালাহ উদ্দীনেরও। ভারপ্রাপ্ত ব্যাটিং কোচের মতে, এটির সমাধান করতে হবে মুমিনুলকেই।
“যখন আপনি প্রতিবারই একই রকম ভুল করবেন, তখন হয়তো কোনো না কোনো কিছুতে সমস্যা আছে। তো আমার মনে হয়, এখান থেকে সে কীভাবে কোন প্রসেসে বের হবে সেটা তাকে নিজেই আসলে খুঁজে বের করতে হবে।
আমার মনে হয়, সে যেহেতু অভিজ্ঞ, সে এটা তাড়াতাড়ি ধরতে পারবে। দুই বছরে যখন কোনো সেঞ্চুরি নেই, তখন আমিও আশা করব সে যেন সেঞ্চুরি করে পরবর্তী ইনিংসগুলোতে। আশা করি, সেটা নিয়ে সে কাজ করবে এবং কাজ করছে।”
সেঞ্চুরির সুবাস পেয়েও শেষ পর্যন্ত ৯৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন সাদমান ইসলাম।
নেপাল প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে দুজনের কেউই অবশ্য বড় ইনিংস খেলতে পারেননি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।