হোমপেজ লোড হচ্ছে…

সবকিছু একরকম নিশ্চিতই ছিল। এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। জেমস অ্যান্ডারসনের সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানোর কথা জানাল ল্যাঙ্কাশায়ার। তাতে কাউন্টি ক্লাবটির সঙ্গে শেষ হলো কিংবদন্তি পেসারের ২৫ বছরের পথচলা।
৪৪ বছর বয়সি অ্যান্ডারসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিষয়টি রোববার নিশ্চিত করে তার শৈশবের ক্লাব ল্যাঙ্কাশায়ার।
এরপরই সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে সিদ্ধান্তটি নিয়ে হতাশা প্রকাশ করেন অ্যান্ডারসন।
“ছোটবেলা থেকেই আমি ল্যাঙ্কাশায়ারকে সমর্থন করেছি। তাই ২৫ বছর ধরে এই দলের হয়ে খেলতে পারা ছিল স্বপ্নপূরণের মতো।
“ওল্ড ট্রাফোর্ডে খেলতে নামার অনুভূতি সব সময়ই আমার কাছে বিশেষ কিছু ছিল। এখানে অধিনায়কত্ব করার মতো সম্মানসহ অসাধারণ অনেক স্মৃতি রয়েছে আমার। সিদ্ধান্তটা আমার হাতে থাকলে এভাবে শেষ হতো না। তবে ভবিষ্যতের জন্য খেলোয়াড় ও সমর্থকদের শুভকামনা জানাই।”
ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, গত সোমবার ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও সদ্য নিয়োগ পাওয়া প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের সঙ্গে বৈঠকে অ্যান্ডারসনকে জানিয়ে দেওয়া হয়, তাকে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হবে না। দল নতুন করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তারা।
বার্নলিতে জন্ম নেওয়া অ্যান্ডারসনের ২০০১ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক হয়। এই ক্লাবেই কেটেছে তার গোটা ক্যারিয়ার। ইচ্ছা না থাকলেও দলটির সঙ্গে সম্পর্কের ইতি টানতে হচ্ছে তার।
১৮৮ টেস্টে ৭০৪ উইকেট নিয়ে অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ার থামে ২০২৪ সালে। টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও সবচেয়ে বেশি উইকেট শিকারি পেসার তিনি। টেস্ট থেকেও তার অবসরের ইচ্ছে ছিল না। তবে টেস্ট দলের সামনে এগিয়ে চলার অংশ হিসেবে ছেলেদের দলের ব্যবস্থাপনা পরিচালক রব কি, সেই সময়ের কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক বেন স্টোকসের যৌথ উদ্যোগে পারস্পরিক সমঝোতায় কিছুটা অসন্তুষ্টি নিয়েই টেস্টকে বিদায় জানান তিনি।
টেস্ট ছাড়লেও খেলা ছাড়েননি অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে এক বছরের চুক্তি বাড়িয়ে ২০২৫ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেন। এবার তো কাউন্টিতে নিজের ক্যারিয়ারের সেরা মৌসুমগুলোর একটি কাটান তিনি। ১১ ম্যাচে উইকেট ১৭.৬৮ গড়ে নেন ৫০ উইকেট। ইনিংসে পাঁচ উইকেট তিনবার, একবার পান ম্যাচে ১০ উইকেটের স্বাদ।
কিন্তু তার নেতৃত্বে দল ভালো করতে পারেনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-তে আট দলের মধ্যে এবার সপ্তম হয় ল্যাঙ্কাশায়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপে তাদের ইতিহাসের সবচেয়ে বাজে মৌসুম এটি। এরপরই বদলে যেতে থাকে সবকিছু।
ল্যাঙ্কাশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ৪৪৩ উইকেট নিয়ে শেষ হলো অ্যান্ডারসনের অধ্যায়। এ ছাড়া ৬১টি লিস্ট ‘এ’ ম্যাচে ৮৩ উইকেট এবং ৪০টি টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নিয়েছেন তিনি। ২০১৭ সালে এমিরেটস ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডের একটি প্যাভিলিয়নের নাম বদলে ‘জেমস অ্যান্ডারসন এন্ড’ রাখা হয়।
এই বয়সে নতুন ঠিকানা খুঁজে নেবেন নাকি থামিয়ে দেবেন গৌরবময় পথচলা, সেটাই এখন দেখার। যদি এখানেই থেমে যান তিনি, বড় একটি মাইলফলক স্পর্শ করা হবে না অল্পের জন্য। ৩১৫টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট এখন ১ হাজার ১৯৩টি।
ক্রিকইনফোর খবর, আগামী গ্রীষ্মে অ্যান্ডারসনকে দলে পেতে আগ্রহী কয়েকটি কাউন্টি ক্লাব।
খেলোয়াড়দের সামর্থ্যে আস্থা রেখে আসিয়ান কাপের ব্যর্থতা ভুলে সামনে তাকাচ্ছেন টমাস ডুলি।
এএফসির বিশেষ কংগ্রেসের শেষ দিনটি ছিল ফিফা সভাপতির নির্দেশে পরিচালিত রাজনীতি, দাবি করেছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান।
জাতীয় সামার অ্যাথলেটিক্সে দলগত সেরা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
চেন্নাই সুপার কিংসের সাবেক অধিনায়ক বলেছেন, নিজের শারীরিক অবস্থা যাচাই করেই সিদ্ধান্ত নেবেন তিনি।