হোমপেজ লোড হচ্ছে…

আজ থেকে এক যুগ আগে যে দল ছিল অনেকের কাছেই অপরিচিত, সেই ফ্লিটউড টাউন ফুটবলের সবুজ আঙিনায় এক অবিশ্বাস্য কাণ্ড ঘটিয়ে ফেলেছে। লিগ কাপ থেকে শক্তিশালী আর্সেনালকে বিদায় করে দিয়েছে ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরের দলটি। অবিশ্বাস্য অঘটনের জন্ম দেওয়ার পর, দলটির গোলরক্ষক জে লিঞ্চ স্মরণ করলেন গত মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আরেক অখ্যাত ক্লাব গ্রিম্সবি টাউনের স্মরণীয় জয়ের কথা।
লিগ কাপের চতুর্থ রাউন্ডে মঙ্গলবার ইংলিশ ফুটবলে নিজেদের চেয়ে ৮৪ ধাপ এগিয়ে থাকা এবং প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে মুখোমুখি হয় ফ্লিটউড। ম্যাচ ঘরের মাঠে হলেও, দলটির অতি আশাবাদী সমর্থকও হয়তো এমন কিছুর প্রত্যাশা করেনি; তবে মনের গহীনে সুপ্ত একটা চাওয়া নিশ্চয় ছিল- কোনো এক মিরাকলের জন্মের।
সব ধারণাকে পাল্টে দিয়ে ২১তম মিনিটে অ্যারন লুপালো-বির গোলে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়ে আক্রমণে আরও জোর দেয় আর্সেনাল। দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে ভিক্তর ইয়োকেরেশ সমতা টানার পর, জয়ের সম্ভাবনাও জাগায় সফরকারীরা। কিন্তু ম্যাচের প্রায় ৭৫ শতাংশের বেশি সময় পজেশন রেখে গোলের জন্য ২৬টি শট নিয়ে সাতটি লক্ষ্যে রেখেও, আর গোলের দেখা পায়নি তারা।
উল্টো ৮৫তম মিনিটে ১৬ বছর বয়সী উইঙ্গার ম্যাক্স ডোম্যান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আর্সেনাল এবং পরে টাইব্রেকারে তাদের ৫-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়ে ফ্লিটউড।
গত বছর এই প্রতিযোগিতাতেই অনেকটা এমনই গল্পের জন্ম দিয়েছিল গ্রিম্সবি টাউন, তারা লিগ কাপের দ্বিতীয় রাউন্ডে হারিয়ে দিয়েছিল প্রিমিয়ার লিগের রেকর্ড চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডকে।
আর্সেনালেকে হারানোর পর গ্রিম্সবির সেই রোমাঞ্চকর জয় থেকে প্রেরণা নেওয়ার কথা বললেন লিঞ্চ। ম্যাচের শেষ দিকে বেন হোয়াইটের দারুণ একটি প্রচেষ্টা দুর্দান্তভাবে সেভ করার পর, পেনাল্টি শুট-আউটে ব্রুনো গিমারাইসের শট রুখে দেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক।
“এই জয় ক্লাবের জন্য, এই শহরের জন্য চমৎকার এক ঘটনা। সত্যি বলতে, সবার জন্য এটা অনেক বড় ঘটনা।
“গত বছর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গ্রিম্সবির জয় থেকে আমরা প্রেরণা নিয়েছি। অনেকটা তাদের ওই জয়ের সঙ্গে এটার তুলনা করা যায়। ম্যাচজুড়ে দলের সবাই দুর্দান্ত থেলেছে। ইংলিশ চ্যাম্পিয়নদের হারানো-কৃতিত্ব দলের সবার।”
এই শতকের শুরুতে, নন-লিগ থেকে অবিশ্বাস্য এক অভিযাত্রায় ১২ বছরে ছয় ধাপ এগিয়ে ইংলিশ ফুটবলের মূল ধারায় উঠে আসে ‘কড আর্মি’ নামে পরিচিত ক্লাবটি। আর এবারের জয়টি ক্লাবটির ইতিহাসে বহু বছর স্মরণীয় হয়ে থাকবে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে ভালো ব্যাটিং করলেও পায়ে টান লাগায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তাওহিদ হৃদয়কে।
প্রথম দিন শেষে নৌবাহিনী ৯টি সোনাসহ ১৮টি পদক নিয়ে শীর্ষে আছে।
পাকিস্তানের পেসারকে তিরস্কার করার পাশাপাশি অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আগের কয়েকটি ক্লাসিকোয় ফল যেভাবে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গেছে, তাতে এবারও দলটিকে নিয়ে ম্যাচের আগে খুব আশা করতে পারেননি এই জার্মান।