হোমপেজ লোড হচ্ছে…
দুই দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের সামর্থ্যের ছাপ রাখার সুযোগ পাচ্ছেন মূলত উঠতি ও সম্ভাবনাময় ক্রিকেটাররা, সঙ্গে আছেন জাকের আলিও।
নিজস্ব প্রতিবেদক

ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে মাত্রই পথচলা শুরু করলেন অনিক দেববর্মা। এর মধ্যেই বড় এক সুযোগ পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পরপরই আরেকটু বড় মঞ্চে পা পড়ছে তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশে জায়গা পেলেন এই তরুণ পেসার।
বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগের ব্যস্ততার জন্য মূলত উঠতি ক্রিকেটারদের নিয়েই দলটি গড়া হয়েছে। জাতীয় লিগের সব দল থেকে এক-দুজন করে ক্রিকেটার নিয়ে ১৪ জনের স্কোয়াড গড়া হয়েছে।
এবারের জাতীয় লিগে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছে অনিকের। জাতীয় দলের পেসারদের অনুপস্থতিতিতে প্রথম দুই ম্যাচে সুযোগ পান তিনি। সম্ভাবনার কিছু ঝলক দেখালেও খুব বিশেষ কিছু করতে পারেননি হবিগঞ্জ জেলার বাহুবল থানার কালিগুচিয়া গ্রাম থেকে উঠে আসা পেসার।
২০২৪ সালে অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়ার মাধ্যমে প্রথমবার দেশের ক্রিকেটের মূল স্রোতে জায়গা পান অনিক। ক্ষুদ্র নৃ-গোষ্ঠি থেকে জাতীয় পর্যায়ে উঠে আসা প্রথম ক্রিকেটার তিনিই। তবে এখনও যুব দলের হয়ে অভিষেক হয়নি অনিকের।
চলতি ওমান সফরেও অনূর্ধ্ব-১৯ দলে রাখা হয়নি ১৮ বছর বয়সী পেসারকে। সুযোগ পেয়ে যান সিলেটের হয়ে জাতীয় লিগ খেলার। প্রথম দুই ম্যাচে ৩৭ ওভার বোলিং করে দুটির বেশি উইকেট পাননি ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার পেসার। উচ্চতা ও গড়নের কারণেই মূলত তার ওপর বিশেষ নজর সিলেট তথা জাতীয় পর্যায়ের কোচদের।
অনিক ছাড়াও জাতীয় লিগ খেলতে থাকা আরও ১১ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে বিসিবি একাদশের দলে। এছাড়া বয়সভিত্তিক পর্যায় থেকে অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটার সান ও হোসেন সুযোগ পেয়েছেন ১৪ জনের দলে।
বিসিবি একাদশে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন একমাত্র ক্রিকেটার জাকের আলি। আনুষ্ঠানিকভাবে এই দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তবে জাকেরের কাঁধেই পড়তে পারে নেতৃত্বের দায়িত্ব। এছাড়া বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা শামীম হোসেনও আছেন দলে।
জাতীয় লিগে প্রথম তিন ম্যাচ হেরে যাওয়া বরিশাল অধিনায়ক ইফতেখার হোসেন, ময়মনসিংহের হয়ে তিন রাউন্ডে দুটি সেঞ্চুরি করা মাহফিজুল ইসলাম, খুলনার হয়ে সম্ভাবনার ছাপ রাখা কালাম সিদ্দিকিরা আছেন বিসিবি একাদশে। তাদের সামনে এবার সুযোগ ক্যারিবিয়ান বোলারদের বিপক্ষে নিজেদের মেলে ধরার ।
প্রস্তুতি ম্যাচের কারণে জাতীয় লিগের চতুর্থ রাউন্ডের আগে তাড়াহুড়ায় পড়ে যাবেন এই ১২ ক্রিকেটার। শুক্রবার শেষ হবে দুই দিনের ম্যাচ। পরদিনই শুরু হয়ে যাবে চতুর্থ রাউন্ডের খেলা। প্রস্তুতি ম্যাচ শেষ করে তড়িঘড়ি ছুটতে হবে নিজ নিজ দলে যোগ দেওয়ার জন্য।
বিসিবি একাদশ স্কোয়াড: মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন, সান।
বিশাল আকৃতির ব্যানারটিতে দেখা যায়, পিএসজির জার্সি পরা মুখোশধারী এক ব্যক্তি করাত চালাচ্ছেন বার্সেলোনার ব্যাজে।
গেবেখা টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে ৬ উইকেট চাই স্বাগতিকদের।