হোমপেজ লোড হচ্ছে…

ঠাকুরগাঁও উপনির্বাচনে বড়সড় জয় পাওয়ার প্রত্যাশা করছেন ধানের শীষের প্রার্থী ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন।
তিনি বলেছেন, “প্রত্যাশা বড়সড়ো জয়। আমরা নিরঙ্কুশ বিজয় অর্জন করবো, ইনশাআল্লাহ।”
বৃহস্পতিবার সকালে ৮টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের কাছে এ প্রত্যাশার কথা জানান তিনি।
বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বলেন, “নিঃসন্দেহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। আমি কোনো শঙ্কা দেখছি না। সব ভোটারই আমার ভোটার, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে।”
প্রশাসনের পক্ষ থেকে ১১৫টা কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি কোনো শঙ্কা দেখি না। প্রশাসন যদি তাদের বিবেচনায় কোনো সেন্টারকে ঝুঁকিপূর্ণ মনে করে তাহলে সেভাবে ব্যবস্থা নেবে।”
ভোটার উপস্থিতি নিয়ে তিনি বলেন, “আজকে আবহাওয়াটা একটু খারাপ। তবে আমি মনে করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। এটা বাই-ইলেকশন হওয়ার পরেও ভোটারের উপস্থিতি ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে।”
নির্বাচনের ফলাফল মেনে এক প্রশ্নের জবাবে ধানের শীষের এই প্রার্থী বলেন, “গণতন্ত্রের প্রথম শর্তই হচ্ছে পরমতসহিষ্ণুতা। যেখানে অন্য দলের মতামতকে আমরা মেনে নিতে প্রস্তুত আছি, সেখানে জনগণের মতামতকে প্রত্যাখ্যান করার দুঃসাহস আমার নেই। জনগণের মতামতই চূড়ান্ত।”
এর আগে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে; তা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে।
রিটার্নিং কর্মকর্তা ও ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম সকালে বলেন, “এ আসনের ১৮৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোথাও কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি।”
“প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।”
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয় গত ২২ অগাস্ট। এরপর এ আসনে উপনির্বাচন হচ্ছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার আছেন ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। উপনির্বাচনে পাঁচজন প্রার্থীর মধ্যে থেকে এই সংসদীয় এলাকার নতুন জনপ্রতিনিধি বেছে নেবেন তারা।
এই পাঁচ প্রার্থী হলেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও ছিলেন।
৫০০ টাকার ৯২টি ও ১ হাজার টাকার একটি জাল নোট উদ্ধার করা হয়।
এটি দুর্ঘটনা না হয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডও হতে পারে বলে মনে করছেন আইনজীবীরা।
“জাতীয় নির্বাচনের মতোই এই নির্বাচনকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।”