হোমপেজ লোড হচ্ছে…

মাইকেল ক্যারিকের হাত ধরে গত মৌসুমে যে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড, তা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। দলটির কোনোকিছুই ঠিকঠাক হচ্ছে না। সবশেষ ম্যাচের পর কোচ-অধিনায়কের সম্পর্কেও ফাটল ধরার ইঙ্গিত মেলে। তবে আপাতত সেই সমস্যায় যেন প্রলেপ দিতে পেরেছে তারা। অন্তত অধিনায়ক হিসেবে ব্রুনো ফের্নান্দসের প্রতি আস্থা রেখে সেই আভাস দিয়েছেন কোচ ক্যারিক।
টানা ব্যর্থতার মাঝেই ‘কোচ-অধিনায়কের মাঝে সমস্যার’ শুরু ফের্নান্দসের একটি মন্তব্যে। গত ২১ অক্টোবর চ্যাম্পিয়ন্স লিগে কোমোর বিপক্ষে ৪-১ গোলে হারের পর, ক্যারিকের কৌশলকে দায়ী করেন এই পর্তুগিজ মিডফিল্ডার। এর জেরে তাকে গত রোববার বোর্নমাউথের বিপক্ষে বেঞ্চে বসিয়ে রাখেন কোচ।
যদিও অধিনায়ককে শুরুর একাদশের বাইরে রাখাকে স্রেফ ‘ফুটবলীয় সিদ্ধান্ত’ বলে অভিহিত করেন ক্যারিক। ওই ম্যাচে পুরোটা সময় ভুগে ৩-০ গোলে হেরে যায় ইউনাইটেড।
বোর্নমাউথের বিপক্ষে ওই হারের পর ইউনাইটেডের ডাগআউটে ক্যারিকের অবস্থান আরও নড়বড়ে হয়ে পড়েছে। সেই সঙ্গে অধিনায়কের সঙ্গে তার বোঝাপড়ায় ঘাটতিও ফুটে উঠেছে। তবে আপাতত, আগামী শনিবার প্রিমিয়ার লিগে চেলসির মাঠে দলের দায়িত্বে থাকছেন ক্যারিক, খবর বিবিসির।
তাই এটাই আপাতত দেখার ছিল যে, ক্যারিকের কোচিংয়ে ফের্নান্দস অধিনায়ক থাকেন কি না; সেই অনিশ্চয়তা বৃহস্পতিবার দূর করে দিলেন কোচ। তিনি বললেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই।
“দল ও একটা ক্লাব হিসেবে আমাদের পরিস্থিতি নিয়ে আমরা সচেতন। এই দলের জন্য সে (ফের্নান্দস) গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে তাই ছিল এবং সামনেও থাকবে।
“আমাদের পরিস্থিতির পরিবর্তন আনতে হবে এবং দলকে পথে ফেরাতে হবে। সে এই ক্লাবের প্রতি পূর্ণ নিবেদিত; সবকিছু ঠিকঠাক করতে সে দৃঢ় প্রতিজ্ঞ। আমার জন্য এটা বদলাবে না। দীর্ঘ সময় ধরে সে অনেক ম্যাচে দারুণভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং আগামীতেও সে তাই করে যাবে।”
পরে আবারও ক্যারিক জোর দিয়ে বললেন, তাদের মধ্যে ‘কোনো সমস্যা নেই।’
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ আট ম্যাচে জয়ের দেখা পায়নি ইউনাইটেড, ২০১৫-১৬ মৌসুমের পর এটাই তাদের সবচেয়ে টানা বাজে ফল। এর মাঝে লিগ কাপের শুরুতেই তারা বিদায় নিয়েছে।
১৯৮৮-৮৯ মৌসুমের পর, কখনোই টানা ৯ ম্যাচ জয়শূন্য থাকেনি ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে আট ম্যাচের মাত্র একটি জিতে এবং চারটি ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছে ক্যারিকের দল, অবনমন অঞ্চল থেকে ১ পয়েন্ট ওপরে।
পাভান রাত্নায়াকের আরেকটি সেঞ্চুরিতে আরেকটি অসাধারণ জয়ের আশা জাগিয়েও পেরে উঠল না শ্রীলঙ্কা।
কানাডা প্রবাসী এই মিডফিল্ডার বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।
সেমি-ফাইনালে গ্যাবনের বিপক্ষে বাংলাদেশের জয়ের নায়ক রাতুল।
নেপাল প্রিমিয়ার লিগে আবারও ঝড় তুলে ত্রিশোর্ধ্ব ইনিংস খেললেন আরিফুল ইসলাম, আরেকবার ব্যর্থ হলেন আকবর আলি।