হোমপেজ লোড হচ্ছে…
মেটার রে-ব্যান চশমার মতো ক্যামেরা প্রযুক্তিওয়ালা মডেলগুলোর ক্ষেত্রে ফ্রেমের কোণায় বসানো থাকে ক্ষুদ্র আকারের ক্যামেরা লেন্স।
নিজস্ব প্রতিবেদক

ক্যাফেতে বসে থাকার সময় হুট করে কেউ আপনার ভিডিও ধারণ করা শুরু করলে স্বভাবতই চোখ যাবে তার হাতের স্মার্টফোনের দিকে।
বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিচালিত নতুন প্রজন্মের স্মার্ট চশমার যুগে কাউকে রেকর্ড করা এখন চোখ জোড়া অতি সাধারণ দেখতে ‘রে-ব্যান’ চশমায় ঢেকে নেওয়ার মতোই সহজ।
এ সপ্তাহে বিষয়টি নতুন করে আলোচনায় আসে যখন জনপ্রিয় সিনেমা ‘লাভ অ্যাকচুয়ালি’ খ্যাত ব্রিটিশ অভিনেতা বিল নাইকে গোপন ক্যামেরায় রেকর্ড করেন এক ইউটিউব প্র্যাংকস্টার। এতে ব্যবহৃত হয়েছে ‘রে-ব্যান মেটা’ স্মার্ট চশমা।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্র এই অপ্রীতিকর অভিজ্ঞতাকে ‘বিরক্তিকর ও সম্মানহানিকর’ হিসেবে বর্ণনা করেছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।
তবে কারো ঠিক বিপরীত পাশে বসে থাকা ব্যক্তিটির চশমায় ক্যামেরা রয়েছে কি না বা তিনি আপনাকে ভিডিও করছেন কি না তা বুঝবেন কীভাবে?
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, একটু খেয়াল করলেই চশমায় ক্যামেরা থাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা আলামত খালি চোখেই ধরা পড়ে।
ক্যামেরা লেন্সের উপস্থিতি নিশ্চিত করা
প্রযুক্তি সাইট ‘পিসিম্যাগ’-এর লেখক উইল গ্রিনওয়াল্ড বলেছেন, চশমায় ক্যামেরা থাকার সবচেয়ে বড় প্রমাণ চশমার ফ্রেমেই লুকিয়ে থাকে।
মেটার রে-ব্যান চশমার মতো ক্যামেরা প্রযুক্তিওয়ালা মডেলগুলোর ক্ষেত্রে ফ্রেমের কোণায় বসানো থাকে ক্ষুদ্র আকারের লেন্স।
সাধারণত চশমার ফ্রেমের বাইরের প্রান্তের কাছাকাছি বা কবজার ঠিক পাশেই একটি ছোট, কালো ও গোলাকার বিন্দুর মতো ক্যামেরা দেখা যায়।
প্রথম দর্শনে এটাকে কোনো সাধারণ ডেকোরেটিভ রিভেট, স্ক্রু বা চশমার নকশা মনে হতে পারে। তবে একবার বিষয়টি জানা থাকলে ফ্রেমের এসব ছোট গোলাকার লেন্সগুলো চিহ্নিত করা বেশ সহজ হয়ে যায়।
গ্রিনওয়াল্ড বলেছেন, “এর ভেতরের প্রযুক্তি এতই ছোট ও সূক্ষ্ম যে এগুলো দেখতে এবং ব্যবহারে হুবহু সাধারণ চশমার মতোই মনে হয়।
“তবে লেন্সটি চিহ্নিত করার সহজ উপায় রয়েছে। আর আপনি যখন একবার এটা ধরতে শিখে যাবেন তখন নিজেই অবাক হবেন যে আগে কেন এটা খেয়াল করেননি।”
চশমার ফ্রেমের পুরুত্ব পরীক্ষা করা
বেশিরভাগ স্মার্ট চশমায় ব্যাটারি, স্পিকার, অ্যান্টেনা ও প্রসেসরের মতো যন্ত্রাংশ বসানোর জন্য বাড়তি জায়গার প্রয়োজন হয়।
প্রযুক্তি বিশেষজ্ঞ ও ক্রেতা সহায়িকা নির্দেশিকা অনুসারে, চশমার বাহু বা টেম্পল অস্বাভাবিক রকমের মোটা হওয়া, ফ্রেমে জোড়াতালির দাগ, স্পিকারের জালি বা বাহুর চারপাশে ক্ষুদ্র ছিদ্রের উপস্থিতিতে ধরে নেওয়া চলে, এতে ইলেক্ট্রনিক প্রযুক্তি যুক্ত রয়েছে।
সাধারণ চোখের চশমার তুলনায় স্মার্ট চশমার বাহুগুলো ভেতরের হার্ডওয়্যার ঢেকে রাখার জন্য দৃশ্যমানভাবেই বেশি মোটা ও স্থূল হয়ে থাকে।
কণ্ঠস্বর বা ভয়েস কমান্ডের দিকে নজর রাখা
অনেক স্মার্ট চশমাই হাত ব্যবহার না করে কেবল কণ্ঠস্বরের মাধ্যমে চালু করা যায়।
ব্যবহারকারীরা ‘হেই মেটা, টেক এ ভিডিও’র মতো কথা বলে ভিডিও রেকর্ড করতে পারেন। ফলে তাদের ফোন বা ক্যামেরা হাতে নেওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না।
বিশেষজ্ঞদের পরামর্শ, কথা বলার সময় সংক্ষিপ্ত কোনো নির্দেশ দেওয়া, আচমকা কথোপকথনে বিরতি বা পরিধানকারী নিজের মনে মনে কথা বলছেন কি না তা খেয়াল করা উচিত।
এ ছাড়া, চশমার ফ্রেমে বারবার আঙুলের টোকা বা স্পর্শ দেওয়াও ডিভাইসটি চালনার একটি সংকেত হতে পারে।
দৃষ্টির দিকে খেয়াল রাখা
স্মার্ট চশমার ক্যামেরা পরিধানকারী যেদিকে তাকান সেদিকের দৃশ্যই ধারণ করে। ফলে চশমা পরিধানকারীর শারীরিক ভাবভঙ্গি দেখে গোপন রেকর্ডিংয়ের ইঙ্গিত পাওয়া যেতে পারে।
প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, চশমা দিয়ে ভিডিও করার সময় ব্যবহারকারীরা ইচ্ছাকৃতভাবে মাথা ঘোরানো, নির্দিষ্ট বস্তুর দিকে একটানা দৃষ্টি ধরে রাখা বা নিখুঁত ফ্রেম পেতে মাথা সামান্য কাত করার মতো আচরণ করতে পারেন।
কোনো ব্যক্তি যদি অস্বাভাবিকভাবে নির্দিষ্ট কোনো ব্যক্তির দিকে নজর রাখেন বা তাকে ফ্রেমে রাখতে বারবার মাথা ঘোরান তবে তিনি ভিডিও ফুটেজ ধারণ করতে পারেন।
স্মার্ট চশমা নির্মাতা কোম্পানি ‘ইভেন রিয়েলিটিজ’ বলছে, “ব্যবহারকারীর আচরণ খেয়াল করা জরুরি, বিশেষ করে চশমার বাহুতে বারবার টোকা, ছোট ছোট ভয়েস কমান্ড দেওয়া বা স্থির হয়ে কোনো কিছু পড়ার মতো আচরণ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সূত্র।”
ক্যামেরার নির্দেশক বা ইন্ডিকেটর লাইট
ভিডিও রেকর্ডিং চালু রয়েছে কি না তা বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় এর ছোট্ট ‘এলইডি’ নির্দেশক আলোটি।
মেটার রে-ব্যান চশমার সামনের ফ্রেমে একটি ছোট সাদা রঙের এলইডি আলো যুক্ত করা রয়েছে, যা ছবি তোলা বা ভিডিও করার সময় জ্বলে ওঠে।
প্রযুক্তি সাইট টেক বাজ-এর বিশেষজ্ঞরা বলছেন, “ক্যামেরার ঠিক পাশে ফ্রেমের ডানপাশের বাইরের দিকে একটি ছোট সাদা এলইডি আলো থাকে। মেটা এটাকে ‘ক্যাপচার এলইডি’ বলে। ক্যামেরা চালু থাকলে এটা জ্বলে ওঠে।”
তবে কোম্পানিটি সতর্ক করে বলেছে, দিনের প্রখর আলোতে বা দূর থেকে এ ছোট আলোটি খেয়াল করা কিছুটা কঠিন হতে পারে।
মেটার একজন মুখপাত্র বলেছেন, “ভ্রমণের সময় সরাসরি অনুবাদ শোনা, গান শোনা বা হাত ব্যবহার না করে কল করার মতো দৈনন্দিন কাজে মানুষ আমাদের এআই চশমা ব্যবহার করে।
“আমাদের প্রযুক্তিটি এমনভাবে তৈরি হয়েছে, যাতে সবাই এটা বুঝতে পারে। ফলে ক্যামেরা যুক্ত প্রতিটি চশমার সামনেই উজ্জ্বল আলো রয়েছে, যা ছবি বা ভিডিও করার সময় জ্বলে-নেভে।
“আলোটি কোনোভাবেই বন্ধ করা যায় না এবং কেউ আলোটি ঢেকে দিলে বা নষ্ট করার চেষ্টা করলে ক্যামেরাটি স্বয়ংক্রিয়ভাবে অকেজো হয়ে যায়।
সংগৃহীত নমুনার মধ্যে সবচেয়ে প্রাচীনটি প্রায় দুই লাখ থেকে আড়াই লাখ বছরের পুরনো, আর সবচেয়ে সাম্প্রতিক নমুনাটির বয়স প্রায় ২৭ হাজার বছর।
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ২৩টি সাইবার ত্রুটি উন্মোচনে সাহায্য করেছেন চীনের ‘হোয়াইট হ্যাট’ হ্যাকার হিসেবে পরিচিত ইউকি চেন।
প্রধান বাজারগুলোতে মেমরি চিপের আকাশচুম্বী দামের কারণে ডিভাইসের চাহিদায় ধস নামায় এর প্রভাব পড়েছে কোম্পানিটির আয়ে।
“আমি পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। কোনো একটি এলাকায় ডেটা সেন্টার নিয়ে তীব্র সমালোচনা থাকলেও আর্থিক সমঝোতা হলে সেটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।”