হোমপেজ লোড হচ্ছে…

তরুণ প্রজন্মের অনেকের কাছেই রান্না করাটা এক ধরনের বড় চ্যালেঞ্জের মতো।
পড়াশোনা বা কাজের সূত্রে ঘরের বাইরে যাওয়ার পর অনেকেই রেস্তোরাঁর খাবার বা ইনস্ট্যান্ট নুডুলস-প্যাকেটজাত খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন।
তবে দীর্ঘদিন বাইরের প্রক্রিয়াজাত খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা ধীরে ধীরে অনুধাবন করা সম্ভব হয়। অনেকেই রান্না শেখার আগ্রহ প্রকাশ করলেও কেবল প্রাথমিক জ্ঞান ও সঠিক কৌশলের অভাবে রান্নাঘরে যেতে ভয় পান।
অথচ অভিজ্ঞ শেফরা কিছু সাধারণ ট্রিকস বা কৌশল ব্যবহার করে খুব সহজেই রান্নার কাজ সম্পন্ন করে থাকেন।
জীবনধারা-বিষয়ক ম্যাগাজিন ‘নেক্সট বিগ আইডিয়া ক্লাব’-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন পুষ্টিবিজ্ঞানী, লেখিকা এবং ‘সামার টমেটো’ ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা ড. দরিয়া রোজ নতুন রাঁধুনিদের জন্য রান্নার স্বাদ বাড়াতে এবং রান্নাঘরের কাজ সহজ করতে ১০টি কৌশলের কথা জানান।
খুন্তির বদলে চিমটা বা টংসের ব্যবহার
ডিম পোচ বা প্যানকেক উল্টানোর জন্য খুন্তি বা স্প্যাচুলা ভালো কাজ করলেও মাংস ভাজা, সবজি নাড়াচাড়া বা অন্যান্য রান্নার ক্ষেত্রে ১২ ইঞ্চির একটি কিচেন চিমটা বা টংস ব্যবহার করা বেশি সুবিধাজনক।
এটি ব্যবহারে কড়াই থেকে খাবার ছিটকে নিচে পড়ার ঝুঁকি থাকে না। তবে নন-স্টিক পাত্রে রান্নার সময় অবশ্যই নাইলন বা সিলিকন মুখের চিমটা ব্যবহার করা উচিত।
প্লাস্টিকের বাটি বা এয়ারটাইট কন্টেইনারে সংরক্ষণ
শাকসবজি বা তাজা ফলমূল কেটে সরাসরি ফ্রিজের ভেজিটেবল ড্রয়ারে রেখে দিলে তা দ্রুত শুকিয়ে যায়। অনেকে আর্দ্রতা ধরে রাখতে ভেজা টিস্যু দিয়ে পেঁচিয়ে রাখেন, যা বেশ খাটুনির কাজ।
এর চেয়ে সহজ উপায় হল ধনেপাতা, সালাদের পাতা, স্ট্রবেরি বা কেটে রাখা যেকোনও আনাজপাতি ভালো মানের প্লাস্টিক বা কাচের এয়ারটাইট বাক্সে ভরে রাখা। এতে খাবার অনেকদিন পর্যন্ত তাজা থাকে।
‘গার্লিক প্রেস’ বর্জন
রসুন কুচি করার জন্য বাজারে আলাদা যন্ত্র পাওয়া গেলেও, সেটা পরিষ্কার এবং ব্যবহার করা বেশ সময়সাপেক্ষ। এর চেয়ে সহজ উপায় হল, রসুনের কোয়া কাটিং বোর্ডের ওপর রেখে একটি বড় শেফ নাইফ বা চাকুর চ্যাপ্টা দিক দিয়ে ওপর থেকে জোরে চাপ দিয়ে থেঁতলে নেওয়া।
এতে রসুনের গায়ের খোসা নিমেষেই আলগা হয়ে খুলে আসে এবং মাত্র ১০ সেকেন্ডে রসুন কুচি করে নেওয়া সম্ভব হয়।
পেঁয়াজ ও রসুনের জন্য আলাদা কাটিং বোর্ড
যেকোনও সাধারণ তরকারিতে পেঁয়াজ বা রসুন কাটা একটি নিত্যদিনের কাজ। তবে ফলমূল, পনির বা সালাদ কাটার জন্য রান্নাঘরে সম্পূর্ণ আলাদা একটি কাটিং বোর্ড বা বঁটি তুলে রাখা উচিত।
নতুতো পেঁয়াজ-রসুনের তীব্র গন্ধ পরবর্তী সময়ে কাঁচা ফল বা পনিরের গায়ে লেগে খাবারের আসল স্বাদ নষ্ট করে দেয়।
শুকনো ভেষজের বদলে তাজা পাতার ব্যবহার
শুকনো ওরেগানো কিছু বিদেশি খাবারে ভালো কাজ করলেও ধনেপাতা, পুদিনাপাতা, তুলসী, পার্সলে বা থাইমের মতো ভেষজ উপাদানগুলো সবসময় তাজা বা টাটকা কেনা উচিত।
বাজারে এগুলো বেশ সস্তায় পাওয়া যায়। বোতলজাত শুকনো পাতার সুগন্ধ খুব দ্রুত নষ্ট হয়ে যায় এবং রান্নায় তা আসল স্বাদ দিতে পারে না।
আগে থেকে মসলা ভরা ‘স্পাইস র্যাক’ না কেনা
বাজার থেকে হরেক রকম শুকনো মসলা একসঙ্গে ভরা বড় ‘স্পাইস কেস’ কেনা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। শুকনো মসলা বাতাসে দীর্ঘদিন থাকলে রং চটে যায় এবং আসল স্বাদ হারিয়ে ফেলে।
তাই দারুচিনি, লবঙ্গ, জিরা, ধনে বা গুঁড়া-মরিচ সবসময় প্রয়োজন অনুযায়ী ছোট পরিমাণে কেনা উচিত, যাতে রান্নায় মসলার আসল ঝাঁঝ বজায় থাকে।
ব্র্যাক ইউনিভার্সিটির রজতজয়ন্তী উপলক্ষে ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহর মুখোমুখি হয়েছিলেন নীতি-দার্শনিক অধ্যাপক পিটার সিঙ্গার। সেখানে তারা কার্যকর পরার্থপরতা, পুঁজিবাদ সংস্কার এবং ‘ভালো কাজের জন্য মুনাফা’ নিয়ে আলোচনা করেন।
অতিরিক্ত সেদ্ধ বা ওভারকুকিং পরিহার
নতুন রাঁধুনিদের সমস্যা হল, খাবার অতিরিক্ত সময় ধরে চুলোয় রাখা। অতিরিক্ত সেদ্ধ করার ফলে সবজি গলে স্বাদহীন হয়ে যায়, মাংস শক্ত ও খসখসে হয়ে পড়ে এবং ভাত বা শস্যদানা নরম হয়ে ভেঙে যায়।
তাই খাবার পুরোপুরি সেদ্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে চুলা বন্ধ করে পাত্রটি ঢেকে রাখা উচিত, যাতে ভেতরের নিজস্ব তাপেই রান্নাটি নিঁখুতভাবে সম্পন্ন হয়।
লবণের সঠিক ব্যবহার এবং টক ও তেলের ম্যাজিক
ঘরোয়া রান্নায় পরিমিত লবণ ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি করে না, বরং তরকারির আসল স্বাদ ফুটিয়ে তোলে।
যদি লবণ দেওয়ার পরও খাবার পানসে বা স্বাদহীন মনে হয়, তবে সামান্য লেবুর রস বা ভিনেগার (যেকোনো অ্যাসিড উপাদান) যোগ করলে খাবারের স্বাদ উজ্জ্বল হয়ে ওঠে।
আর খাবার যদি অতিরিক্ত শুকনো বা আঠালো হয়ে যায়, তবে সামান্য অলিভ অয়েল বা তেল মিশিয়ে নিলেই যেকোনো সাধারণ খাবারও অসাধারণ স্বাদের হয়ে ওঠে।
বড় পেঁয়াজের পরিবর্তে ছোট পেঁয়াজ বা ‘শ্যালট’ ব্যবহার
দৈনন্দিন সাধারণ ভাজি বা হালকা তরকারিতে তীব্র ঝাঁঝালো বড় পেঁয়াজের বদলে ছোট লাল পেঁয়াজ, ‘শ্যালট’ বা ‘লিকস’ ব্যবহার করলে রান্নায় এক ধরনের মৃদু ও মিষ্টি স্বাদ আসে, যা খাবারের আভিজাত্য বাড়িয়ে দেয়। বড় পেঁয়াজ মূলত স্যুপ বা মাংসের ঝোলের জন্য রেখে দেওয়া ভালো।
সব ধরনের ফল ফ্রিজে না রাখা
সব ফল ফ্রিজে রাখলে ভালো থাকে, ধারণাটা ঠিক না। জামজাতীয় ফল বা বেরি ছাড়া অন্যান্য সাধারণ ফল যেমন— আপেল, কমলা, নাশপাতি, কলা ও লেবু ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখাই শ্রেয়।
ফ্রিজের অতিরিক্ত ঠান্ডা বাতাস ফলের সুগন্ধ ও আসল স্বাদকে মলিন করে দেয়। একইভাবে পাকা টমেটো, অ্যাভোকাডো বা ক্যাপসিকামও খুব গরম আবহাওয়া না হলে ফ্রিজে রাখার প্রয়োজন নেই।
রান্নাঘর সতেজ রাখতে রান্নাঘরের আধুনিক যন্ত্র যা কমাবে পরিশ্রম বেড়াতে যাওয়ার আগে রান্নাঘরের যেসব কাজ গোছানো উচিত

সঙ্গীর সাধারণ কোনও কথা শুনলেও কি ভেতরে বিরক্তি কাজ করে? মনোবিজ্ঞানের ভাষায় এর নাম ‘নেগেটিভ সেন্টিমেন্ট ওভাররাইড’।
আমি বিশ্বাস করি, সমাজের মানুষ, প্রতিবেশী ও স্থানীয় সংগঠনগুলো এগিয়ে এলে বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব।
বিদ্যালয়ে মানসিক স্বাস্থ্য নিয়ে নিয়মিত আলোচনা, সচেতনতামূলক কর্মশালা এবং প্রয়োজনে কাউন্সেলিং সেশনের ব্যবস্থা করা দরকার।